| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম আইন চূড়ান্ত পর্যায়ে, সংসদে উত্থাপন শিগগির: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২০:২৪:৩৪:অপরাহ্ন  |  ১৫৮১ বার পঠিত
গুম আইন চূড়ান্ত পর্যায়ে, সংসদে উত্থাপন শিগগির: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনেই বিলটি উত্থাপনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা এবং দেওয়ানি মামলা পরিচালনা পদ্ধতির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘আইন পেশাজীবীদের জন্য মৌলিক মধ্যস্থতা প্রশিক্ষণ (বেসিক মেডিয়েশন ট্রেনিং ফর লিগ্যাল প্রফেশনালস)’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের প্রয়োজনীয় যাচাই-বাছাই, অংশীজনদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ এবং সচিব কমিটির সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর আগামী সংসদ অধিবেশনেই আইনটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সরকার ঘোষণা দিয়েছিল, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন আরও পর্যালোচনা ও পরিমার্জনের পর সংসদে উত্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে মতবিনিময়, পরামর্শ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে আইনটির খসড়া চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্র তাদের নিজস্ব আইন ও দায়িত্বের আলোকে বিবেচনা করবে। বাংলাদেশের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং সময়োপযোগী সিদ্ধান্ত যথাসময়ে নেওয়া হবে।

সাইবার আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এমন একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ আইন করতে চায়, যেখানে সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মানহানি, ভুয়া তথ্য প্রচার এবং সাইবার অপরাধ কার্যকরভাবে মোকাবিলার ব্যবস্থা থাকবে।

আইনমন্ত্রী আরও বলেন, সাইবার আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চায় না। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনটি চূড়ান্ত করা হবে। সরকার মানুষের কণ্ঠরোধ বা মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করতে চায় না; বরং নাগরিকদের অধিকার ও সুনাম রক্ষায় কার্যকর আইনি কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংক্ষিপ্ত মন্তব্য করে বলেন, সময়ই এ বিষয়ে উত্তর দেবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪