রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভারতের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাতের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে বৈঠকে বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।
ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম