| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম থেকে নাজিরহাটে নিয়মিত ট্রেন চালুর দাবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ২০:৩৯:৩২:অপরাহ্ন  |  ৬৪৭৫ বার পঠিত
চট্টগ্রাম থেকে নাজিরহাটে নিয়মিত ট্রেন চালুর দাবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত পুনরায় নিয়মিত ট্রেন সার্ভিস চালুর পাশাপাশি নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কাছে দেওয়া এক নোটিশে তিনি এ দাবি জানান। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম-২ আসনের এই সংসদ সদস্য।

নোটিশে সরওয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ ফটিকছড়ি অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা। এই রেলপথের সঙ্গে স্থানীয় মানুষের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা সরাসরি জড়িত। নাজিরহাট ঘাট পর্যন্ত রেললাইন বিদ্যমান থাকলেও বর্তমানে সেখানে কার্যকরভাবে নিয়মিত ট্রেন চলাচল না করায় নাজিরহাট, ফটিকছড়ি সদরসহ বিস্তীর্ণ এলাকার মানুষকে সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানান তিনি।

সংসদ সদস্য বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে সময় ও ব্যয় দুটিই বেড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং নিম্নআয়ের মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, ফটিকছড়ি কৃষি, চা, রাবার ও পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনায় সমৃদ্ধ একটি উপজেলা। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য পণ্য কম খরচে ও সহজে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য কার্যকর রেল যোগাযোগ প্রয়োজন।

সরওয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ পর্যায়ক্রমে ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা হলে শুধু ফটিকছড়ির যোগাযোগব্যবস্থার উন্নয়নই হবে না, চট্টগ্রামের সঙ্গে পার্বত্য ও সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক যোগাযোগেরও নতুন দ্বার খুলবে।

তিনি নাজিরহাট পর্যন্ত রেলসেবা পুনরায় নিয়মিত ও কার্যকর করার পাশাপাশি সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় সমীক্ষা শেষে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ভুজপুর এলাকার বাসিন্দা মো. বখতিয়ার বলেন, নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল চালু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথে যাতায়াতে সময় ও খরচ দুটোই বেশি। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীদের জন্য ট্রেন অনেক বেশি সুবিধাজনক হবে।

তিনি আরও বলেন, রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে ফটিকছড়ির কৃষিপণ্য, চা ও অন্যান্য পণ্য সহজে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো সম্ভব হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনীতিও আরও গতিশীল হবে।

এদিকে টিকে গ্রুপের প্রতিষ্ঠান বারোমাসিয়া চা বাগানের সিনিয়র ম্যানেজার উৎপল বিশ্বাস বলেন, নাজিরহাট ও রামগড় পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে ফটিকছড়ির চা শিল্প ও কৃষিপণ্যের পরিবহনব্যবস্থায় বড় ধরনের সুবিধা তৈরি হবে।

তিনি বলেন, রেল যোগাযোগ চালু হলে চা বাগানের শ্রমিকদের যাতায়াত আরও সহজ ও কম খরচের হবে। পাশাপাশি চা, রাবার ও কৃষিপণ্য কম ব্যয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহনের সুযোগ তৈরি হবে।

উৎপল বিশ্বাস বলেন, নাজিরহাট থেকে ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে চা ও কৃষিপণ্যের বাজার আরও সম্প্রসারিত হতে পারে। একই সঙ্গে সীমান্ত বাণিজ্যের নতুন সম্ভাবনাও তৈরি হবে। এর ফলে স্থানীয় অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার সুযোগ সৃষ্টি হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নাজিরহাট রেলপথে নিয়মিত ট্রেন চলাচলের বিষয়ে কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট পর্যায়ে খতিয়ে দেখা যেতে পারে।

একইভাবে নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে বলে জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুনা সাহা বলেন, নাজিরহাট পর্যন্ত নিয়মিত রেল যোগাযোগ চালু হলে ফটিকছড়ির মানুষের যাতায়াত ব্যয় ও সময় কমবে। একই সঙ্গে কৃষি, চা ও অন্যান্য পণ্য কম খরচে বাজারজাত করার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে সীমান্তবাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এর ফলে ফটিকছড়িসহ পুরো অঞ্চলের স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪