| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী বলেছেন হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের: দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ২১:৪১:২৮:অপরাহ্ন  |  ১২১৯ বার পঠিত
প্রধানমন্ত্রী বলেছেন হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের: দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন ও প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পূজামণ্ডপ পাহারা দেবেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গত নির্বাচনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছেন। তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। সংসদ সদস্য হিসেবে আমারও দায়িত্ব আপনাদের এই এলাকাকে নিরাপদ রাখা।”

তিনি আরও বলেন, পূজা ও প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁরা পূজামণ্ডপগুলোতে পাহারায় থাকবেন, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

সরকারের পক্ষ থেকে মন্দিরে চাল বিতরণের প্রসঙ্গ তুলে সংসদের হুইপ বলেন, স্বাধীনতার পর এই প্রথম তারেক রহমানের সরকার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল দিয়েছে। এর সঙ্গে সংসদ সদস্য হিসেবে তিনি আরও ২০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। ফলে প্রতিটি মন্দিরে মোট ৮০০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া ধর্মীয় উৎসব পালনের জন্য সরকার আর্থিক অনুদানও দিয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপের ভক্তরা উপস্থিত ছিলেন।

​রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪