রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় বসতঘরে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সুবর্ণখোলা গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সুবর্ণখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুবর্ণখোলা গ্রামে আশরাফুল ইসলামের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পরিদর্শক মো. রাসেল আলী জানান, গ্রেপ্তার আশরাফুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ