রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ৬০ পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. হাশেম শেখ (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হাশেম শেখ সদর উপজেলার বিনোদপুর নতুনপাড়া এলাকার মৃত হোসেন শেখের ছেলে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দীন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অধিদপ্তরের একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে সদর উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মেসার্স আমজাদ হোসেন অ্যান্ড সন্স নামের দোকানের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা হাশেম শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৬০ পিস কমলা বর্ণের মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে হাশেম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানায়, হাশেম শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক নির্মূলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব