উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এক মাস আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিন তরুণ। সেই দুর্ঘটনাস্থলেই সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি দূরপাল্লার যানবাহন চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব