| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ হাজার টাকা থেকে ১২০ নারীর কর্মসংস্থান, জাতীয় যুব পুরস্কার পেলেন রত্না

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ২৩:৪১:১২:অপরাহ্ন  |  ২০৯৮ বার পঠিত
পাঁচ হাজার টাকা থেকে ১২০ নারীর কর্মসংস্থান, জাতীয় যুব পুরস্কার পেলেন রত্না

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ উদ্যোক্তা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ময়মনসিংহের নারী উদ্যোক্তা নুরুন নাহার আক্তার (রত্না)। তাঁর প্রতিষ্ঠিত হস্তশিল্প প্রতিষ্ঠান ‘কারুণ্য’র পক্ষ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। গত ১ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

এর আগে গত ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবসে কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘অদম্য নারী’ সম্মাননা অর্জন করেন তিনি। এ ছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই উদ্যোক্তা।

নুরুন নাহারের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটি সংগ্রাম, প্রতিকূলতা আর ঘুরে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। ১৯৯০ সালের ১৫ মার্চ জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্ম তাঁর। সাত সদস্যের নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা নুরুন নাহার শৈশব থেকেই পরিবারের আর্থিক সংকট দেখেছেন। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই সেলাইয়ের কাজ শেখেন। পড়াশোনার পাশাপাশি মজুরির বিনিময়ে সেলাই করে উপার্জিত অর্থ তুলে দিতেন মা-বাবার হাতে।

২০০৫ সালে এসএসসি এবং ২০০৭ সালে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তী সময়ে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে শিক্ষাজীবনের পথ মোটেও মসৃণ ছিল না। পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে একসময় তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে নিজের গহনা বিক্রি ও ঋণ নিয়ে আবারও পড়াশোনা শুরু করেন। টিউশনি এবং হাতের কাজের অর্ডার নিয়ে নিজের শিক্ষার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করেন।

স্বামীর অসুস্থতা ও চাকরি হারানোর কারণে সংসারে আর্থিক সংকট দেখা দিলে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে বাড়িতে হস্তশিল্পের ব্যবসা শুরু করেন নুরুন নাহার। পরে কিস্তিতে সেলাই মেশিন কিনে পোশাক তৈরি ও বিক্রি শুরু করেন। ধীরে ধীরে তাঁর তৈরি পোশাক ও নকশার পরিচিতি বাড়তে থাকে।

তবে ব্যবসার পথেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাঁকে। শ্বশুরবাড়ির বিরূপ মনোভাব, বাড়ি ছাড়তে বাধ্য হওয়া এবং পরবর্তী সময়ে ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে পুঁজি ও পণ্য আত্মসাতের অভিযোগে সর্বস্ব হারান তিনি। এমনকি একসময় সন্তানদের ভরণপোষণ করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু দমে না গিয়ে নতুন করে ঋণ নিয়ে মুক্তাগাছা শহরে ‘কারুণ্য’ নামে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ব্যবসার পাশাপাশি গ্রামীণ নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ে পাঁচ বছর এবং জেলা পর্যায়ে দুই বছর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।

নুরুন নাহারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে ১০ জন নারী মাসিক বেতনে এবং ১১০ জন নারী মজুরিভিত্তিতে কাজ করছেন। মুক্তাগাছা ও ময়মনসিংহ শহরে কারুণ্যের দুটি শোরুম রয়েছে। পাশাপাশি রয়েছে একটি মূল উৎপাদনকেন্দ্র ও নয়টি উপকেন্দ্র। স্থানীয় বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিচিতি ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ সংগ্রামের পর ব্যবসার আয় থেকে ঋণ পরিশোধ করে মুক্তাগাছায় জমি কিনে দোকান, বাসা ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করেন তিনি। তবে রাজনৈতিক মহলের চাপ, জমি ও ব্যবসা নিয়ে নানা চক্রান্ত এবং প্রাণনাশের হুমকির মুখে শেষ পর্যন্ত নামমাত্র মূল্যে জমি ও বাড়ি বিক্রি করতে বাধ্য হন বলে জানান এই উদ্যোক্তা। পরে পরিবার নিয়ে ময়মনসিংহ শহরে বসবাস শুরু করেন।

ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে সন্তানদের শিক্ষিত করে তোলার পাশাপাশি ছোট ভাইয়ের উচ্চশিক্ষা সম্পন্ন করতেও ভূমিকা রেখেছেন তিনি। বর্তমানে তাঁর দুই সন্তান ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে।

নুরুন নাহার বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই তাঁর মূল লক্ষ্য। কারুণ্যকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন তাঁর এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪