সিনিয়র রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান জানায়নি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক বছরে পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে হয়ত আংশিক পূরণ হবে।
নাহিদ বলেন, নতুন বাংলাদেশের জন্য লড়াই এখনো শেষ হয়নি। রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং এর মাধ্যমে জুলাই পদযাত্রার সমাপ্তি ঘটবে।
রোববার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারে। এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানান নাহিদ।
ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, এসব ঘটনা জুলাই আকাঙ্খার পরিপন্থি। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।