রিপোর্টার্স২৪ ডেস্ক :
মূলত বৃষ্টির কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ সাধারণ কম থাকে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য হলেও বৃষ্টি হয়েছে। কিন্তু আজ রাজধানীতে দুপুর সাড়ে ১২টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫৩। এ মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বৃহস্পতিবার বায়ুদূষণে শীর্ষ স্থানে আছে কঙ্গো প্রজাতন্ত্রের কিনসাসা, স্কোর ১৮৫। দ্বিতীয় স্থানে আছে সৌদি আরবের রিয়াদ, স্কোর ১৭৪, তৃতীয় স্থানে ১৫৪ স্কোর নিয়ে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা মানামা।
বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আজ আইকিউএয়ারে সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে বলা হয়েছে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। বাইরে ব্যায়াম না করাই ভালো। আর দূষিত বাতাস থেকে মুক্ত থাকতে জানালা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম