| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় লুটপাটে শেষ সাদাপাথর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৪:২৫:৩৮:অপরাহ্ন  |  ১৪১৪১২৬ বার পঠিত
প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় লুটপাটে শেষ সাদাপাথর
ছবির ক্যাপশন: প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় লুটপাটে শেষ সাদাপাথর

সিলেট প্রতিনিধি:

সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর অবাধে লুটে নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী এই পর্যটনকেন্দ্র থেকে দিনেরাতে শত শত মানুষ নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে। স্তুপকৃত পাথরের পাশাপাশি মাটি খুঁড়েও নেওয়া হচ্ছে পাথর।


গত কয়েকদিন ধরে অবাধ লুটপাটের কারণে পর্যটনকেন্দ্রটি এখন প্রায় পাথরশূন্য। সাদাপাথর লুটের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


এসব ভিডিও দেখে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী সোমবার গণমাধ্যমে বলেন, সাদা পাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর উত্তোলন ও নিয়ে যাওয়ার ভিডিও আমি দেখেছি। এ ধরণের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে বিজিবি ও পুলিশের সহযোগিতায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে।


স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জের সাদাপাথর, শাহ আরেফিন টিলাসহ যেসব স্থানে বালু-পাথর রয়েছে সেসব স্থানে গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে ব্যাপক লুটপাট শুরু হয়। অভ্যুত্থান পরবর্তী কয়েকদিনে শত শত কোটি টাকার পাথর লুটে নেয় প্রভাবশালীরা। পরবর্তীতে প্রশাসনের কঠোরতায় লুটপাট কিছুটা কমলেও সম্প্রতি সাদাপাথরে ফের অবাধ লুটপাট শুরু হয়েছে।


স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলে ভারত থেকে বিপুল পরিমাণ পাথর এসে সাদাপাথর পর্যটনকেন্দ্রে জমা হয়। ঢলের কারণে ওই সময় সেখানে পর্যটকের যাতায়াতও বন্ধ ছিল। এই সুযোগে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় শত শত মানুষ পাথর লুট শুরু করে। সেখানে বিজিবি ক্যাম্প থাকলেও তাদের সামনেই অবাধে পাথর লুট হচ্ছে।


সাদাপাথর এলাকার একাধিক ব্যক্তি জানান, ধলাই নদীতে শত শত নৌকা দিয়ে পাথর লুটে নেওয়া হচ্ছে। মূল পর্যটনকেন্দ্রের বড়বড় সব পাথর ইমধ্যে লুটে নেওয়া হয়েছে। সারি সারি পাথরের মনোরম সেই দৃশ্য আর নেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ধূ ধূ বালুচর।


তারা আরও জানান, মাটি খুড়ে ছোটবড় সব পাথর এমনকি বালুও লুটে নেওয়া হচ্ছে।


স্থানীয় একজন গণমাধ্যমকর্মী জানান, অভিযোগ উঠেছে পাথরখেকো প্রভাবশালী মহল লুটপাটের মাধ্যমে এই পর্যটনকেন্দ্র ধ্বংস করতে চায়। যাতে প্রশাসন সেখানে আর নজরদারি না করে। এ লক্ষ্যে তাদের ইন্ধনে অবাধে পাথর লুট হচ্ছে।


কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, সম্প্রতি এখানে যে ধরনের লুটপাট হচ্ছে তা পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন বড় ধরনের একটি যৌথ অভিযান।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪