রিপোর্টার্স২৪ ডেস্ক :
নুরুল হকসহ গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে নুরুলের অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে, তিনি এ ঘটনার নির্দেশনা দিয়েছেন কি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হকসহ আমাদের ওপর যে হামলা হয়েছে, এ হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কি না।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।’
রাশেদ খান আরও বলেন, ‘নুরুল হককে দেখতে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আমাদের শিক্ষক। আমাদের এখানে যারা আছে, তারা অত্যন্ত ক্ষুব্ধ। আজকে নুরুল হকের ওপর যেভাবে হামলা হয়েছে, এটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার ওপর হয়েছে বলে আমার জানা নেই। সেনাবাহিনী-পুলিশ বাহিনী এক হয়ে একসঙ্গে হামলা অতীতে হয়েছে বলে আমার জানা নেই।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। জুলাইয়ের শক্তি, ফ্যাসিবাদবিরোধী শক্তি—সবাই একতাবদ্ধ হয়ে আওয়ামী প্রেতাত্না, দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা যমুনা ঘেরাও করব। জামায়াত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ এবি পার্টি সবার উদ্দেশে বলতে চাই, নির্বাচন, সংস্কার, বিচার নিয়ে হাউকাউ করছি। আমরা বিভাজিত হয়ে পড়েছি, এই সুযোগে আওয়ামী ফ্যাসিবাদ জাতীয় পার্টির ঘাড়ে ভর করে ফিরে আসার চক্রান্ত করছে। সুতরাং একতাবদ্ধ হয়ে যৌথ কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে হবে। না হলে একে একে সবার ওপরে হামলা করে, তারপর এই সরকারকে সাইজ করে আরেকটি ১/১১ তৈরি করা হবে।’
এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু বলেন, ‘নুরুল হকের অত্যন্ত বিপদজনক অবস্থায় চিকিৎসা চলছে। সরকারের কাছে দাবি, বিশেষ বোর্ড গঠন করে যাতে নুরের চিকিৎসা হয়। তিনি যাতে দ্রুত শঙ্কামুক্ত হন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এর সঙ্গে আমরা একমত। তদন্ত করতে ছয় ঘণ্টাই যথেষ্ট। এ সময়ের মধ্যে তদন্ত করে আমরা চাই তারা কী পদক্ষেপ নিলেন, সেটা আমাদের জানাবেন।’
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আসিফ নজরুলের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলেছি। তিনি আমাদের সামনেই প্রশাসনের উচ্চপদস্থ জায়গায় কথা বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। আমরা আশাবাদী, তিনি আমাদের দাবিগুলো পৌঁছে দেবেন।’
রিপোর্টার্স২৪/সোহাগ