রিপোর্টার্স২৪ ডেস্ক :
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সএআই তাদের এআই মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে। ‘গ্রোক-৪’ বাজারে আনার কয়েক মাসের মধ্যে এবার ‘গ্রোক-৪ ফাস্ট’ নামের একটি দ্রুত ও সাশ্রয়ী সংস্করণ নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই মডেল আগের মডেলের মতো কর্মক্ষমতা রাখলেও, এটি ব্যবহারে খরচ ও সময় উভয়ই বাঁচবে বলে দাবি করেছে এক্সএআই।
এক্সএআইয়ের তথ্যমতে, গ্রোক-৪ ফাস্ট মডেলটি তার পূর্বসূরি গ্রোক-৪-এর সমকক্ষ পারফরম্যান্স দিলেও গড়ে ৪০ শতাংশ কম ‘থিংকিং টোকেন’ ব্যবহার করে। ফলে ব্যবহারকারীরা দ্রুত ফলাফল পাবেন। শুধু গতি নয়, খরচের দিক থেকেও এটি যুগান্তকারী পরিবর্তন এনেছে।
এক্সএআই দাবি করেছে, কোডিং, ওয়েব ব্রাউজিং বা যেকোনো জটিল কাজ সম্পাদনের ক্ষেত্রে গ্রোক-৪-এর সমমানের পারফরম্যান্স পেতে গ্রোক-৪ ফাস্ট ব্যবহারে খরচ প্রায় ৯৮ শতাংশ পর্যন্ত কমবে। এই বিশাল মূল্যহ্রাস এআই মডেলটিকে সাধারণ ব্যবহারকারী ও ডেভেলপারদের জন্য আরও সহজলভ্য করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এক্সএআইয়ের এই নতুন মডেলে একটি সমন্বিত আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা অনেকটা ওপেন এআইয়ের ‘জিপিটি-৫’ মডেলের মতো। এই আর্কিটেকচারের ফলে মডেলটি জটিল কাজ সম্পন্ন করতে ‘রিজনিং’ এবং সাধারণ ও দ্রুত উত্তরের জন্য ‘নন-রিজনিং’ সিস্টেম ব্যবহার করতে পারে। এর মাধ্যমে কর্মদক্ষতা ও গতির মধ্যে একটি দারুণ ভারসাম্য তৈরি করা হয়েছে।
বিভিন্ন এআই মডেলের কর্মক্ষমতা পর্যালোচনাকারী প্ল্যাটফর্ম ‘এলএমএরেনা’-এর পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সার্চ বা তথ্য খোঁজার কাজে গ্রোক-৪ ফাস্ট প্রথম স্থানে রয়েছে। টেক্সট বা লেখা তৈরির কাজে এর অবস্থান অষ্টম। ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, এক্সএআই তাদের নতুন এই শক্তিশালী মডেলটি ওয়েব, আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে এআইয়ের বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল। গুগল তাদের জেমিনাই মডেল এবং অ্যানথ্রপিক তাদের ক্লড ওপাস মডেলের নতুন সংস্করণ নিয়ে এলে এই প্রতিযোগিতা নিঃসন্দেহে আরও তীব্র হবে।
এস