সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালিত অটোরিকশা চালক সজল ঘোষ (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশে যাচ্ছিলো। এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, পিকআপ সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পিকআপের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম