রিপোর্টার্স২৪ ডেস্ক: বর্তমান ডিজিটাল জীবনে ধীরগতির ইন্টারনেট যেন নিত্যদিনের এক বিরক্তিকর সমস্যা। হঠাৎ ভিডিও কল কেটে যাওয়া, অনলাইন মিটিংয়ে ল্যাগ, কিংবা গুরুত্বপূর্ণ ফাইল আপলোডে অতিরিক্ত সময় লাগা সবকিছুই কাজের গতি কমিয়ে দেয়। তবে সামান্য সচেতনতা, সঠিক কৌশল এবং উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করলেই ঘরের ওয়াই-ফাই নেটওয়ার্ককে আরও দ্রুত, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তোলা সম্ভব।
প্রথমে যাচাই করুন ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না
ওয়াই-ফাই ধীর মনে হলে আগে নিশ্চিত করুন আপনার ইন্টারনেট সংযোগে সমস্যা আছে কি না। ল্যাপটপ বা কম্পিউটার সরাসরি রাউটারের সঙ্গে ইথারনেট ক্যাবল যুক্ত করে স্পিড টেস্ট করুন। তারযুক্ত সংযোগেও যদি গতি কম থাকে, তাহলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা জরুরি।
রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন
অনেকেই এই বিষয়টি অবহেলা করেন। অথচ রাউটার নির্মাতারা নিয়মিত ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে গতি, নিরাপত্তা ও স্থায়িত্ব বাড়ায়। রাউটারের অ্যাডমিন প্যানেলে লগইন করে আপডেট অপশনটি চেক করলেই সহজে সমাধান মিলতে পারে।
রাউটারের অবস্থান বদলান, গতি বদলাতে পারে
রাউটার রাখার জায়গা ওয়াই-ফাইয়ের গতি ও কভারেজে বড় ভূমিকা রাখে। বাড়ির কেন্দ্রীয় স্থানে, কিছুটা উঁচু জায়গায় এবং মোটা দেয়াল বা ধাতব বস্তু থেকে দূরে রাউটার রাখলে সংকেত ভালোভাবে ছড়ায়। অ্যান্টেনা থাকলে সেগুলো উল্লম্বভাবে রাখাই উত্তম।
সঠিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করুন
ডুয়াল-ব্যান্ড রাউটার থাকলে 5GHz ব্যান্ড ব্যবহার করে দেখতে পারেন। এতে গতি বেশি পাওয়া যায় এবং আশপাশের নেটওয়ার্কের বিঘ্ন কম হয়। তবে দূরত্ব বেশি হলে 2.4GHz ব্যান্ড বেশি কার্যকর হতে পারে।
ওয়াই-ফাই চ্যানেল পরিবর্তন করুন
একই এলাকায় অনেক রাউটার একই চ্যানেল ব্যবহার করলে নেটওয়ার্ক ধীর হয়ে যায়। কম ব্যস্ত বা ফাঁকা চ্যানেল বেছে নিলে ওয়াই-ফাই আরও স্থিতিশীল ও দ্রুত কাজ করে।
অবৈধ ব্যবহারকারীদের ঠেকান
দুর্বল পাসওয়ার্ড বা ওপেন নেটওয়ার্ক থাকলে অচেনা মানুষ আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারে। শক্ত পাসওয়ার্ড সেট করুন এবং WPA2 বা WPA3 সিকিউরিটি চালু রাখুন, যাতে আপনার ব্যান্ডউইথ নিরাপদ থাকে।
QoS ফিচার ব্যবহার করে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন
কোয়ালিটি অব সার্ভিস (QoS) সেটিংস ব্যবহার করলে ভিডিও কল, অনলাইন মিটিং বা জরুরি কাজের জন্য আলাদা অগ্রাধিকার নির্ধারণ করা যায়। এতে বড় ডাউনলোড বা অন্য ডিভাইসের চাপেও গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয় না।
অ্যান্টেনা আপগ্রেড করুন
হাই-গেইন বা এক্সটার্নাল অ্যান্টেনা ব্যবহার করলে সিগন্যালের শক্তি বাড়ে। দুর্বল সংকেতের দিকে অ্যান্টেনা সঠিকভাবে ঘোরালে কভারেজ আরও উন্নত হয়।
পুরনো রাউটার বদলানোর কথা ভাবুন
অনেক সময় সমস্যা ইন্টারনেটে নয়, বরং পুরনো রাউটারে। আধুনিক ওয়াই-ফাই ৬ বা ওয়াই-ফাই ৬ই রাউটার বেশি গতি, কম ল্যাগ এবং একসঙ্গে অনেক ডিভাইস ব্যবহারের সুবিধা দেয়।
রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করুন
বড় বাড়ি বা একাধিক দেয়াল থাকলে রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক সবচেয়ে কার্যকর সমাধান। একাধিক নোড একসঙ্গে কাজ করে পুরো বাড়িতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই কভারেজ নিশ্চিত করে।
সঠিক কৌশল, রাউটার সেটিংস এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ঘরের ওয়াই-ফাইয়ের গতি ও স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এই টিপসগুলো অনুসরণ করলে ভিডিও কল, অনলাইন মিটিং কিংবা বড় ফাইল ট্রান্সফার হবে আরও দ্রুত ও ঝামেলামুক্ত।
সূত্র: পিসিম্যাগ
রিপোর্টার্স২৪/ঝুম