| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই দৌড়ে বড় বাজি, স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৮:৩০:১০:অপরাহ্ন  |  ২০২ বার পঠিত
এআই দৌড়ে বড় বাজি, স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় বিনিয়োগের পথে হাঁটছে গুগল। এ লক্ষ্যে প্রযুক্তি খাতের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বহুবিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে তারা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ মাসে প্রায় ১১ হাজার কোটি টাকারও বেশি।

চুক্তির আওতায় গুগল প্রায় ১ লাখ ১০ হাজার উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ), সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ), মেমোরি এবং সংশ্লিষ্ট কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে।

স্পেসএক্স জানিয়েছে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়তে থাকায় বিপুল কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন হচ্ছে। সেই বাড়তি চাহিদা পূরণে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুগলও বলছে, তাদের নতুন প্রজন্মের এআই পণ্য ও সেবাগুলোর ব্যবহার প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বাড়ছে। বিশেষ করে ‘জেমিনি এন্টারপ্রাইজ’ এবং বিভিন্ন এআই এজেন্টভিত্তিক সেবায় গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে স্পেসএক্স আরেকটি বড় চুক্তি করেছিল এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে। সেই চুক্তি অনুযায়ী, অ্যানথ্রপিক প্রতি মাসে ১২৫ কোটি ডলার পরিশোধ করবে।

এদিকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইতোমধ্যে চলতি বছরে ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণে আরও ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে নতুন শেয়ার বিক্রির উদ্যোগও নিয়েছে।

চুক্তিতে উভয় পক্ষের জন্য বাতিলের সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর ৯০ দিনের নোটিশ দিয়ে গুগল বা স্পেসএক্স যে কোনো সময় চুক্তি বাতিল করতে পারবে।

অন্যদিকে, আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, তালিকাভুক্তির পর কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তীব্র প্রতিযোগিতার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বিপুল কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করছে। গুগল-স্পেসএক্সের এই চুক্তি সেই প্রতিযোগিতার নতুন এবং বড় একটি উদাহরণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪