| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই দৌড়ে সফটওয়্যার উন্নত করছে অ্যাপল

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৫:৪৪:৪৯:অপরাহ্ন  |  ১৩০০৪ বার পঠিত
এআই দৌড়ে সফটওয়্যার উন্নত করছে অ্যাপল

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সমালোচনার মধ্যেই সফটওয়্যার উন্নয়ন ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপল।

প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে এবার নতুন ফিচারের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলোর সমাধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনের শুরুতেই অ্যাপল জানায়, তাদের প্রধান লক্ষ্য এখন ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও কার্যকর করা। সফটওয়্যার বিভাগের প্রধান ক্রেইগ ফেদেরিগি বলেন, বড় পরিবর্তনের পাশাপাশি ছোট ছোট বিষয়েও উন্নতি আনা হচ্ছে, যাতে সামগ্রিক ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়ে।

গত কয়েক বছরে অ্যাপলের সফটওয়্যার নিয়ে ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগ ছিল নকশার জটিলতা, তথ্য খোঁজার অসুবিধা এবং ফাইল শেয়ারিংয়ে ধীরগতিসহ নানা সমস্যা। এবারের সম্মেলনে প্রথমেই এসব সমস্যার সমাধানের বিষয়টি তুলে ধরা হয়।

নতুন ডিজাইন “লিকুইড গ্লাস” নিয়েও ব্যবহারকারীদের মধ্যে কিছু অসন্তোষ ছিল। কাচের মতো স্বচ্ছ এই নকশায় অনেক সময় লেখা স্পষ্টভাবে দেখা যায় না বলে অভিযোগ ওঠে। এবার অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করছে, যার মাধ্যমে স্বচ্ছতার মাত্রা কমানো বা বাড়ানো যাবে। একই সঙ্গে টুলবার আরও সহজ ও স্পষ্ট করা হচ্ছে, অ্যাপ আইকন ও ইন্টারফেসে আনা হচ্ছে উন্নতি।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন সফটওয়্যারের মাধ্যমে আইফোন ও আইপ্যাডে অ্যাপ চালুর গতি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। ছবি লোডিংয়ের গতি ৭০ শতাংশ পর্যন্ত উন্নত হবে এবং ফাইল শেয়ারিংও হবে আরও দ্রুত। পুরোনো ডিভাইস ব্যবহারকারীদের জন্যও রয়েছে সুখবর। ২০১৯ সালের আইফোন ১১ সিরিজ থেকেও নতুন পারফরম্যান্স সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

তথ্য অনুসন্ধান ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসছে। নতুন সিস্টেমে প্রয়োজনীয় তথ্য আরও দ্রুত খুঁজে পাওয়া যাবে এবং ই-মেইলে গুরুত্বপূর্ণ বার্তা আগে দেখানোর সুবিধা যুক্ত হচ্ছে। স্বাস্থ্য অ্যাপে নারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ সম্পর্কিত নতুন ফিচার যুক্ত করা হয়েছে। একই সঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে উন্নত সিরি, যেখানে কণ্ঠসেবা এখন আরও প্রাসঙ্গিকভাবে ব্যবহারকারীর কথা বুঝতে পারবে।

নতুন সিরি শুধু প্রশ্নের উত্তর নয়, বিভিন্ন কাজ সম্পন্ন করতেও সাহায্য করতে পারবে। তবে এই ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের শেষ দিকে এটি চালু হতে পারে।

এছাড়া এআই প্রযুক্তির মাধ্যমে ওয়েবসাইট বিশ্লেষণ, তথ্য অনুসন্ধান, বার্তার প্রসঙ্গ বুঝে উত্তর সাজানো এবং ছবি তৈরি ও সম্পাদনার সুবিধাও উন্নত করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এআই ক্ষেত্রে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। এবারের উদ্যোগ সেই ঘাটতি পূরণ এবং ব্যবহারকারীদের আস্থা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪