স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেএসডি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি তানিয়া রব, আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং দলের কেন্দ্রীয় নেতারা।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন লিখিত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অভিনন্দন জানিয়ে বলেন, জেএসডি দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে লড়াই করে আসছে। বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই কার্যকর পথ। তবে আসন্ন নির্বাচনে জেএসডি এককভাবে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে তানিয়া রব বলেন, বিএনপি সমঝোতার রাজনীতি এবং ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার ক্ষেত্রে প্রত্যাশিত নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে ভোটাধিকার ও সুশাসনের প্রশ্নে জেএসডি দুই দফা প্রস্তাবনা তুলে ধরেছে—
১. নবতর রাজনৈতিক শক্তি গঠন: গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, বৈষম্যহীন ন্যায়বিচার নিশ্চিত এবং রাষ্ট্রের গুণগত রূপান্তর।
২. নির্বাচনী কৌশল: আসন্ন নির্বাচনে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে এককভাবে অংশগ্রহণ, তবে প্রয়োজন হলে রাষ্ট্র সংস্কার বা রূপান্তরের পক্ষের শক্তিগুলোর সঙ্গে সমঝোতার পথও খোলা।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাড. কে এম জাবির, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, নূরুল আমিন, মোহাম্মদ শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, আনিসা রত্না, তাবাসসুম মোহাম্মদ মোস্তাক প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসসি