রিপোর্টার্স২৪ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুনের পর এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান পেলেন।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এজন্য তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করেছিলেন। সেই সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম