| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বসন্ত এলেই কেউ কেউ কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৮:৩৭:২৯:পূর্বাহ্ন  |  ১৩৪৭৭৬৯ বার পঠিত
বসন্ত এলেই কেউ কেউ কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

পঞ্চগড় প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল পাঁচ বছর পরপর জনগণের কাছে আসে, আর বাকি সময় তাদের খুঁজে পাওয়া যায় না। বসন্তের কোকিলের মতো তারা শুধু নির্বাচনের মৌসুম এলেই কুহু কুহু ডাক শুরু করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, আপনারা ১০ দলের জোটকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, যাতে আমরা সরকার গঠন করতে পারি। আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবনই নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ইনশাল্লাহ।

দেশের প্রধান চারটি নদী ধ্বংসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নদীগুলো কি মা-বাবাহীন ছিল? তাহলে নদীগুলো মারা গেল কেন? তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র ও বঞ্চনার মাধ্যমে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর ভরসা করে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলাতে পাঁচ বছরই যথেষ্ট। এ এলাকার মাটি উর্বর, এখানে পিছিয়ে থাকার কোনো কারণ নেই।

তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার অঙ্গীকার করে বলেন, যারা লক্ষ-কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনা হবে। ভবিষ্যতে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না।

জনসভায় শহীদ পরিবার, ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বীরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের কাছে ঋণী। সরকার গঠনের সুযোগ পেলে সেই ঋণ পরিশোধের চেষ্টা করব।

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪