সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের একটি চালান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের একটি পরিত্যক্ত ভবনের অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতর থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৮টি পাওয়ার জেল ও ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর। এসব উপকরণ উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
অভিযানকালে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত বিস্ফোরক উপকরণগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
উদ্ধার করা পাওয়ার জেল ও নন-ইলেকট্রিক ডেটোনেটর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের একটি পুরোনো টয়লেটের ভেতর থেকেও পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬টি পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/আয়েশা