স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দের জন্য ডিমান্ড নোট পেয়েছে। এই তরঙ্গ ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বরাদ্দের বিপরীতে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন জানায়, ৭০০ মেগাহার্টজ লো-ব্যান্ড স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণ সম্ভব হবে। এর ফলে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলের ইনডোর এলাকাসহ গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক কাভারেজ ও সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, এই বিনিয়োগ সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের উন্নত ডেটা অভিজ্ঞতা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি ফোরজি সেবার কার্যকারিতা বাড়ানো ও ভবিষ্যতের ফাইভজি, এআই ও আইওটি প্রযুক্তির প্রস্তুতিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় তরঙ্গ বরাদ্দ দেওয়ায় বিটিআরসি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানায় গ্রামীণফোন।
রিপোর্টার্স২৪/বাবি