স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীদের ফেসবুক বুস্টিংসহ সব ধরনের ডিজিটাল প্রচারণার ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বুধবার গণমাধ্যমকে জানান, এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আচরণ বিধিমালা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট অথবা তার পক্ষে অন্য কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল ঠিকানা ও অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা বাধ্যতামূলক।
এছাড়া আচরণ বিধিমালার বিধি ২২-এর উপবিধি (২)-এ বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং বা স্পন্সরশিপ বাবদ যে ব্যয় করবে—তা সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং সেই হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।
ইসি আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার জন্য যে অর্থ ব্যয় হবে, তা প্রার্থীর নির্ধারিত নির্বাচনী ব্যয়সীমার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং রিটার্নিং অফিসারের মাধ্যমে তা যাচাই করা হবে।
চিঠিতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের নিজ নিজ এলাকায় কোন রাজনৈতিক দল ও প্রার্থী কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে—সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে।
নির্বাচন কমিশনের মতে, ডিজিটাল মাধ্যমে প্রচারণা ক্রমেই নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে এর স্বচ্ছতা ও ব্যয়ের হিসাব নিশ্চিত না করা হলে নির্বাচনের সমতা ও ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ কারণেই আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি