| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেহেশতের নয়, উন্নয়নের গ্যারান্টি দিতে চাই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৯:৫১:০৪:অপরাহ্ন  |  ১৪০ বার পঠিত
বেহেশতের নয়, উন্নয়নের গ্যারান্টি দিতে চাই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি: বেহেশতের গ্যারান্টি দিতে না পারলেও দেশের জনগণকে উন্নয়নের গ্যারান্টি দিতে চান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চায় সরকার। জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বেহেশতের প্রলোভন দেখিয়ে যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তারা এখন আফসোস করছেন। ভোটের পর দলটির নেতাকর্মীদের জনগণের পাশে দেখা যাচ্ছে না। ইসলাম নিয়ে বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় জামায়াত কার্যকর উদ্যোগ নেয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম ও মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা মাঝেমধ্যে দেশে ফেরার কথা বললেও ফিরছেন না। বিএনপিও চায়, তিনি দেশে ফিরে আসুন। কারণ, জনগণ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে।

জনসমর্থনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই দলটির সবচেয়ে বড় শক্তি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ ক্ষেত্রে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক। বক্তব্য দেন বগুড়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাইমা রহমানের জন্মদিনে বিনা মূল্যে চক্ষুসেবা

এদিকে, একই দিন বগুড়া-২ আসনে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির প্রথম দিনে মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় দুই হাজার মানুষ চক্ষুসেবা নেন। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

কর্মসূচির শেষ দিনে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই উপজেলার ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল উপহার দেওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪