রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারের মন্ত্রিপর্যায়ের কিছু নেতার ‘কাঁচা ও দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে এবং অপরাধ প্রবণতা উসকে পাচ্ছে এমন মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে অসচেতন মন্তব্য জাতির জন্য শুভ বার্তা নয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ঐতিহাসিক কুদরত উল্লাহ মসজিদ-এ জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় সরকারদলের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনকি মন্ত্রীরাও যদি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন, তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।
তার ভাষায়, সরকারদলীয় কেউ যদি অপরাধের দায় এড়িয়ে গিয়ে অপরাধীদের পক্ষ নেয়, তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা অসম্ভব হয়ে পড়বে। সরকার আন্তরিকতা দেখালে পরিস্থিতির উন্নতি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার বিষয়ে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, এ নিয়ে এখনো দলীয়ভাবে বিস্তৃত আলোচনা হয়নি। দেশের কল্যাণে যা প্রয়োজন, আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সে সিদ্ধান্তই নেওয়া হবে।
সরকারের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে তারা সমর্থন দেবে। তবে জনগণের স্বার্থ, পরিবেশ বা ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো অবস্থান নিলে সেখানে আপস করা হবে না।
শেষে তিনি বলেন, দেশ আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব—দেশ ক্ষতিগ্রস্ত হলে কেউই ভালো থাকতে পারব না।
রিপোর্টার্স২৪/ঝুম