সিলেট প্রতিনিধি: দেশে দলীয়করণ আবার শুরু হয়েছে। নানা দপ্তরে দুর্নীতি ও দলীয়করণ চলছে। দলীয়করণের উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুদককে উল্লেখ করা যায়—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার সিলেট নগরীর একটি কনভেনশন হলে জেলা ও মহানগর এনসিপি আয়োজিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে নানা ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আর কোনো ভুল নয়; পূর্ণ শক্তি নিয়ে নতুন সংগ্রামের জন্য প্রস্তুত হতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান এনসিপির এ শীর্ষ নেতা।
এর আগে দলের মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, হাদিস হত্যার বিচার নিয়ে একচুল পরিমাণও পিছপা হওয়া যাবে না। অপরাধী যেই হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে—এমন মন্তব্য করেন এনসিপির এ নেতা।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ইফতার মাহফিলে এনসিপি নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন