| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতকড়াসহ পালিয়ে গেল আসামি, ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৯:১৫:৩২:পূর্বাহ্ন  |  ২৭৬১৮১ বার পঠিত
হাতকড়াসহ পালিয়ে গেল আসামি, ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন এক মামলার আসামি। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পালিয়ে যাওয়া ওই আসামির নাম রুবেল চৌধুরী (৩০)। তিনি উপজেলার শহীদপুর গ্রামের বাসিন্দা ছিনু চৌধুরীর ছেলে। একটি মারামারি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃঞ্চ পদ মিত্র জানান, ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, রুবেল চৌধুরী একটি মারামারি মামলার আসামি। তাকে ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমে কাজ করছে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং খুব শিগগিরই তাকে পুনরায় আটক করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মারামারি সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন রুবেল চৌধুরী। তবে সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। এ খবর পেয়ে শনিবার বিকেলে লাখাই থানা পুলিশের একটি দল মোড়াকরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে আটক করা হয় এবং নিয়ম অনুযায়ী তার হাতে হাতকড়া পরানো হয়।

কিন্তু গ্রেফতারের কিছু সময় পরই সুযোগ বুঝে কৌশলে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হন তিনি। ঘটনাটি ঘটার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধরতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

স্থানীয় বাসিন্দারা জানান, রুবেল চৌধুরী এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। সেই প্রভাবের কারণেই মারামারি মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে অভিযান জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪