| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৭:১৭:০৫:অপরাহ্ন  |  ২৫৮৪৯১ বার পঠিত
প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

সিলেট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার চালকদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এ অনুদান পেয়েছেন।

পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়তে সিসিক কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিলেট একটি পর্যটন নগরী। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে ভ্রমণে আসেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে প্রতিদিন বহু মানুষ সিলেটে আগমন করেন। তাই নগরকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরের প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপাদন করেন। মাত্র ৮২৭ জন কর্মীর পক্ষে এ বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও ডাম্পিং করা অত্যন্ত কঠিন। তাই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি পরিবার থেকে বর্জ্য পৃথকীকরণ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪