সিলেট প্রতিনিধি: সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে বিজিবিসহ সংশ্লিষ্ট সকল সংস্থা কাজ করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার সকালে সিলেটের পদ্মা ওয়েল ডিপোতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। তিনি বলেন, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলো নির্দিষ্ট সময় পরপর নির্ধারিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, অ্যালটমেন্ট চার্টের আওতায় সরবরাহ কার্যক্রম পরিচালিত হওয়ায় কোনো পাম্পের পক্ষে জ্বালানি তেল অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই।
এদিকে, গত ২৫ মার্চ থেকে সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে। পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবি ১৯ ও ৪৮-এর দুটি প্লাটুন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
পাশাপাশি সীমান্তপথে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
রিপোর্টার্স২৪/এসএন