| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ২৩:৪৯:২৪:অপরাহ্ন  |  ১৩৮৫৮০ বার পঠিত
নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছামিরুন ওই গ্রামের মৃত নবী মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ছামিরুন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার দুপুর আড়াইটার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশী ময়না মিয়া জানান, ছামিরুন পিতৃহীন পরিবারে বেড়ে উঠছিল। তাদের মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। পরিবারের অন্য সদস্যরা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। ঈদুল ফিতরের ছুটিতে ছামিরুন গ্রামে এসেছিল। নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মিয়া বলেন, নিখোঁজের দুইদিন পর এভাবে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার হওয়া অত্যন্ত নৃশংস ঘটনা, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪