স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে উৎপাদন ব্যাহত হবে না। যেসব শিল্প গ্যাসে পরিচালিত হয়, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত রাখার কারণে উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।
শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এলপি গ্যাসের দাম বাড়ার কারণ হলো আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে সৌদি আরব থেকে আমদানি মূল্যের বৃদ্ধি। তবে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকলে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।
মন্ত্রী আরও বলেন, জাপানের সঙ্গে স্বাক্ষরিত ‘ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ এখনো সংসদে পাস হয়নি। পাস হলে জাপানি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। তিনি সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের স্বার্থে সতর্ক থাকা প্রয়োজন।
সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সন্ধ্যা ৬টার পর বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়া উচিত। এতে লম্বা সময় ধরে খরচ কমানো সম্ভব হবে। তিনি মনে করিয়ে দেন, পৃথিবীর অনেক দেশে ডে-লাইট সেভিংস প্রণালী থাকলেও বাংলাদেশে তা নেই, তাই এই পদক্ষেপ আপদকালীন সতর্কতা হিসেবে নেওয়া হয়েছে।
বৈঠকে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি