| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা ‘মিথ্যা’: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৩:৫৫:০৬:অপরাহ্ন  |  ১২২৭৮৮ বার পঠিত
বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা ‘মিথ্যা’: মির্জা ফখরুল

হবিগঞ্জ প্রতিনিধি: বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শুধু সংস্কার চায় না, বরং সেই সংস্কার বাস্তবায়নও করবে। তিনি জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতি চালু করার উদ্যোগকে সংস্কারের সূচনা হিসেবে উল্লেখ করেন এবং জানান, খালেদা জিয়াও রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসার মাধ্যমে সংস্কারকে এগিয়ে নিয়েছেন।

তিনি আরও স্মরণ করান, ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ বাঙালিকে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে নয়; তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী ও জিয়াউর রহমানের নেতৃত্বে সেক্টর কমান্ডাররা একত্রিত হয়ে যুদ্ধের পরিকল্পনা করেন।

১৯৭১ সালের ৪ এপ্রিল এই বৈঠকে মুক্তিযুদ্ধকে ১১টি সেক্টরে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্বাধীনতা সংগ্রামের ‘সূতিকাগার’ হিসেবে পরিচিত। তিনি উল্লেখ করেন, সে সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি ছিলেন এবং খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় নানা ঝুঁকি মোকাবিলা করেছিলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

অনুষ্ঠান শেষে তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিস্তম্ভে অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য দেশকে ১১টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই স্মৃতিকে ধারণ করে প্রতি বছর ৪ এপ্রিল ‘তেলিয়াপাড়া দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪