সিলেট প্রতিনিধি: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঠানো দুটি ইউনিট রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাস্টমসের উপরের তলায় থাকা এরাইভাল ইমিগ্রেশনের সার্ভার রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পরও সার্ভার রুমের ভেতরের অবস্থা পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।
রিপোর্টার্স২৪/বাবি