রিপোর্টার্স২৪ ডেস্ক: বাজারে আসার আগেই ফাঁস হতে শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট Apple-এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 18 Pro সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্য। সরবরাহ চেইন সূত্রে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে রঙ ও ডিজাইনে এবার বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, নতুন সিরিজে আগের তুলনায় আরও গাঢ় ও পরিশীলিত রঙ ব্যবহার করা হতে পারে। সম্ভাব্য চারটি রঙের মধ্যে রয়েছে লাইট ব্লু, ডার্ক গ্রে, সিলভার এবং সবচেয়ে আলোচিত নতুন সংযোজন ‘ডার্ক চেরি’। এই ডার্ক চেরি রঙটি গভীর ওয়াইন-লাল শেডের, যা আগের উজ্জ্বল লাল রঙের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ও সংযত লুক দেবে বলে ধারণা করা হচ্ছে।
ডিজাইনেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ফাঁস হওয়া প্রাথমিক ক্যাড ড্রয়িংয়ে দেখা যায়, নতুন মডেলে ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড থাকতে পারে, ফলে স্ক্রিনে আরও বেশি ব্যবহারযোগ্য জায়গা পাওয়া যাবে। পাশাপাশি পেছনের ক্যামেরা লেআউটে সূক্ষ্ম পরিবর্তন এবং গ্লাস ব্যাক ও মেটাল ফ্রেমের মধ্যে আরও নিখুঁত রঙের সমন্বয় আনার চেষ্টা করছে অ্যাপল।
একইসঙ্গে আলোচনায় এসেছে অ্যাপলের সম্ভাব্য প্রথম ফোল্ডেবল আইফোন। ধারণা করা হচ্ছে, এই ডিভাইসটি সীমিত কয়েকটি রঙে—সিলভার, সাদা ও ইন্ডিগো—বাজারে আসতে পারে। এতে থাকতে পারে দুটি রিয়ার ক্যামেরা এবং ভেতরের ও বাইরের ডিসপ্লেতে আলাদা সেলফি ক্যামেরা। ডিভাইসটি খোলা অবস্থায় আকারে অনেকটা আইপ্যাড মিনি’র মতো হতে পারে এবং এর পুরুত্ব হতে পারে মাত্র ৪.৭ মিলিমিটার।
বিশ্লেষকদের ধারণা, iPhone 18 Pro সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বর নাগাদ উন্মোচিত হতে পারে। অন্যদিকে ফোল্ডেবল মডেলটি একই সময়ে বা কিছুটা পরে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার আগে এসব তথ্য পরিবর্তিত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম