| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৩:৪০:৩১:অপরাহ্ন  |  ১১৮৭ বার পঠিত
এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

রিপোর্টার্স২৪ ডেস্ক: কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের আলোচনা করছে, তা এখন থেকে দেখতে পারবেন অভিভাবকেরা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে নতুন এই নজরদারি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। তবে এ উদ্যোগকে ঘিরে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

মেটা জানিয়েছে, তাদের ‘টিন অ্যাকাউন্ট’ তদারকি ব্যবস্থার অংশ হিসেবে নতুন এই ফিচার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে অভিভাবকেরা জানতে পারবেন সন্তানরা এআই সহকারীর সঙ্গে কোন ধরনের বিষয় নিয়ে কথা বলছে। এসব তথ্য ‘ইনসাইটস’ নামে একটি আলাদা ট্যাবে দেখা যাবে।

এই সুবিধা ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার মেটার তিনটি প্রধান প্ল্যাটফর্মে কার্যকর হবে। তবে এতে নির্দিষ্ট বার্তা দেখা যাবে না। বরং কথোপকথনের বিষয়গুলোকে বড় ক্যাটাগরিতে ভাগ করে দেখানো হবে, যেমন পড়াশোনা, বিনোদন, লেখা, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা।

অভিভাবকেরা চাইলে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে ক্লিক করে সীমিত কিছু অতিরিক্ত তথ্য দেখতে পারবেন। মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই এই তথ্য দেখানো হবে। পাশাপাশি এই ডেটা কেবল সর্বশেষ সাত দিনের কথোপকথনের ভিত্তিতে তৈরি হবে।

উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্বাস্থ্য ও সুস্থতা ক্যাটাগরিতে শারীরিক ফিটনেস, অসুস্থতা বা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত আলোচনাগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে অভিভাবকেরা সন্তানের অনলাইন আচরণ সম্পর্কে একটি সাধারণ ধারণা পাবেন।

বিশ্লেষকদের মতে, শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই ফিচার চালু করছে মেটা। সম্প্রতি শিশু সুরক্ষা সংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানটি পরাজিত হয়, যেখানে অভিযোগ ছিল তাদের প্ল্যাটফর্মগুলো আসক্তি তৈরি করে এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। মেটা এসব রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে।

এছাড়া আদালতে প্রকাশিত কিছু অভ্যন্তরীণ নথিতে দাবি করা হয়, মেটা জানত তাদের এআই-চালিত ভার্চ্যুয়াল চরিত্রগুলো কখনো কখনো অনুপযুক্ত বা যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনে জড়িয়ে পড়তে পারে। তবুও পর্যাপ্ত নিয়ন্ত্রণ ছাড়াই এগুলো চালু করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে গত বছর কিশোরদের জন্য এআই ক্যারেক্টার ব্যবহারে সীমাবদ্ধতা আনে মেটা। পরে অভিভাবকদের জন্য কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়, যেমন নির্দিষ্ট এআই চ্যাট বন্ধ করা বা ক্যারেক্টার ব্লক করার সুবিধা। চলতি বছরের শুরুতে এসব ব্যবহারে আরও কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়। বর্তমানে কিশোরদের জন্য এআই ক্যারেক্টার সুবিধা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নতুন এই ফিচারের পাশাপাশি মেটা সাইবারবুলিং রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তারা অভিভাবকদের জন্য এআই ব্যবহারে সন্তানদের সঙ্গে আলোচনার নির্দেশনাও তৈরি করেছে। একই সঙ্গে গঠন করা হয়েছে ‘এআই ওয়েলবিইং এক্সপার্ট কাউন্সিল’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আত্মহত্যা প্রতিরোধ সংগঠনের বিশেষজ্ঞরা যুক্ত আছেন।

তবে সমালোচনাও রয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থা ফেয়ারপ্লের নির্বাহী পরিচালক জশ গোলিন বলেন, এই ধরনের ফিচার মূল সমস্যার সমাধান নয়। তার মতে, এতে অভিভাবকদের ওপর অতিরিক্ত নজরদারির চাপ তৈরি হচ্ছে, অথচ প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা ব্যবস্থার মৌলিক উন্নয়ন যথেষ্টভাবে করা হচ্ছে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪