সিলেট প্রতিনিধি: সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। সিএনজি চালক জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।
সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে গভীর রাত অব্দি জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলাও চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে যৌন নির্যাতন চালিয়ে ফাহিমাকে পরে হত্যা করে। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেন জাকির। সেই ডোবা থেকে শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১২মে) দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
রিপোর্টার্স২৪/মিতু