সিলেট প্রতিনিধি: দেশের চামড়া শিল্প অচিরেই বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার বিকেলে সিলেটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পকে আরও বিকশিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিষয়টিকে জাতীয় চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে এবং চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া যথাযথভাবে সংরক্ষণ করা গেলে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি এতিমখানা ও মাদ্রাসাগুলোর আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।
তিনি জানান, চামড়া অপচয় রোধে এবার সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন