| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমসি কলেজ গণধর্ষণ মামলার রায় আজ

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৪:৩৫:৫৪:পূর্বাহ্ন  |  ৫০৫ বার পঠিত
এমসি কলেজ গণধর্ষণ মামলার রায় আজ

সিলেট প্রতিনিধি: দীর্ঘ ৫ বছর ৯ মাস ১৮ দিন পর আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৪ জুলাই)। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।

এর আগে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানসহ আটজন আসামি রয়েছেন।

আদালত সূত্র জানায়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজে ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে ছিলেন ভুক্তভোগী তরুণী ও তার স্বামী, তদন্ত কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় এক দম্পতিকে আটকে রেখে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই বছরের ১০ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। পরে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়।

ঘটনার পর আসামিদের গ্রেপ্তার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় কয়েকজন আসামির সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায় বলে তদন্ত সংশ্লিষ্টরা জানান।

বহুল আলোচিত এ মামলার রায়কে ঘিরে সিলেটসহ দেশজুড়ে মানুষের দৃষ্টি এখন আদালতের দিকে। সংশ্লিষ্টরা আশা করছেন, রায়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪