স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলফ খেলতে বেশ ভালোবাসেন, সেটি নতুন কোনো খবর নয়। তবে গলফ কোর্সে তার ‘জালিয়াতি’ বা প্রতারণার অভিযোগও বেশ পুরোনো।
সপ্তাহান্তে নিজের মালিকানাধীন ক্লাবেই আবারও বিতর্কিতভাবে ট্রফি জেতার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি ট্রাম্পের বেডমিনস্টার ক্লাবে অনুষ্ঠিত ‘সিনিয়র’ ও ‘সুপার সিনিয়র’ দুই বিভাগেই ৭০ স্কোর করে ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের দাবি করেন ট্রাম্প।
তবে গলফ কোর্সে তার বিতর্কিত ইতিহাস বিবেচনায় নিয়ে এই জয়কে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন ক্রীড়ামোদী ও রাজনৈতিক বিশ্লেষকরা।
রোববার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজের মালিকানাধীন একটি গলফ ক্লাবে ৪৩তম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করছেন ট্রাম্প।
অনুষ্ঠানের এক ঘোষক স্পিকারে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। তিনি ৭০ স্কোর করে সিনিয়র এবং সুপার সিনিয়র উভয় বিভাগেই জয়ী হয়েছেন।’
ভিডিও ধারণকারী ব্যক্তিকেও বলতে শোনা যায়, ‘তিনি সিনিয়র এবং সুপার সিনিয়র দুটোতেই জিতেছেন। এটা অবিশ্বাস্য! আমাদের জীবনের সর্বকালের সেরা প্রেসিডেন্ট জয়ী হয়েছেন।’
কয়েক বছর আগে ট্রাম্প যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ কোর্সে একটি সিনিয়র চ্যাম্পিয়নশিপ জেতার দাবি করেছিলেন, তখনও তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। কারণ, টুর্নামেন্টের অর্ধেকেরও বেশি সময় তিনি ৬০০ মাইল দূরে একটি শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন। এরপরও নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার বই ‘কমান্ডার ইন চিট’-এর লেখক রিক রেইলি ট্রাম্পের গলফ কোর্সে নানা অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তারিত লিখেছেন। রেইলির মতে, টুর্নামেন্টে প্রতিযোগী হিসেবে একা অংশ নিয়ে, অন্য শহর থেকে নিজের ইচ্ছেমতো কম স্কোর জমা দিয়ে কিংবা স্রেফ দেয়ালের তালিকায় নিজের নাম লিখে দিয়েই বারবার বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে ট্রাম্পের। ট্রাম্পের এমন বিতর্কিত জয়ের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হাস্যরসের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ স্বাধীন গণমাধ্যম মেইডাস টাচ মন্তব্য করে, ‘খুবই আশ্চর্যের বিষয় যে তিনি কেবল নিজের মালিকানাধীন কোর্সেই বিজয়ী হন!’
সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যাডাম কিঞ্জিঙ্গার ট্রাম্পকে কটাক্ষ করে লেখেন, ‘বাচ্চা একটা লোক!’
প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জন জ্যাকসন চরম বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘এটি খুব জঘন্য এক উদাহরণ। ট্রাম্প শুধু গলফে প্রতারণা করছেন তা-ই নয়, সবচেয়ে বাজে বিষয় হলো তার চারপাশের মানুষগুলো তা দেখেও চুপ করে বসে আছে এবং মিথ্যাকে সমর্থন দিচ্ছে।’
অন্য এক নেটিজেন মনে করিয়ে দেন, ‘মনে রাখবেন, ২০০৬ সালে আমেরিকান সেঞ্চুরি নামের একমাত্র অফিশিয়াল টুর্নামেন্টে যখন ট্রাম্প ফিক্সিং বা জালিয়াতি করতে পারেননি, তখন ৮০ জন সেলিব্রেটির মধ্যে তিনি ৬২তম স্থানে শেষ করেছিলেন।’
নিজের ক্লাবে নিজেই প্রতিযোগী এবং নিজেই বিজয়ী হয়ে ট্রাম্প আবারও নিজেকে এবং তার সমর্থকদের হাসির পাত্র বানিয়েছেন বলে মত দিয়েছেন আন্তর্জাতিক সমালোচকরা।
এদিকে এত এত সমালোচনাকে থোড়াই কেয়ার করেন ট্রাম্প। নিজের গলফ খেলার দক্ষতার প্রশংসা করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি ৭০ স্কোরে বিজয়ী হয়েছি। এখানে দেখার বিষয় হলো, নানা কাজে ব্যস্ত থাকায় অনুশীলনের জন্য আমি খুব কম সময় পাই, তবুও এই জয় পেয়ে সম্মানিত বোধ করছি। একেই বলে ‘প্রতিভা’, যা আমার আছে কিন্তু ওদের নেই!”
রিপোর্টার্স২৪/ধ্রুব