| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৩:১০:০২:অপরাহ্ন  |  ২৭২৪ বার পঠিত
সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

সিলেট প্রতিনিধি: ​সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও এক তরুণী গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের শিকার তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

​নিহতরা হলেন বাসার মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। নিহত দম্পতির ছেলে-মেয়েরা দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা পর্যন্ত বাসাটির দরজা বন্ধ থাকায় এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

​পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। তিনটি মরদেহই গলাকাটা অবস্থায় রক্তাপ্লুত পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করার পর ঘাতকরা বাথরুমে হাত-মুখ ধুয়ে আলামত গোপন করে সেখান থেকে সটকে পড়ে।

​খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনের জন্য যান। এছাড়া খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ শুরু করেছে।

​আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ এখনো নিশ্চিত না হলেও ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে তদন্ত শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪