| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে ট্রিপল মার্ডার: জমি সংক্রান্ত বিরোধের অভিযোগে মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ২৩:৩৮:৩৮:অপরাহ্ন  |  ৩২৯ বার পঠিত
সিলেটে ট্রিপল মার্ডার:  জমি সংক্রান্ত বিরোধের অভিযোগে মামলা

সিলেট প্রতিনিধি: সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন রায়নগর মিতালী আবাসিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনিদের মাধ্যমে এক বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহকর্মীকে হত্যা করে মামলা ও জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র লুট করে নেওয়া হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে উক্ত বিষয়ে নিহতের যুক্তরাজ্য প্রবাসী কন্যা সেলিনা সুলতানা (৫৪) কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং নিহতের পরিবার 'পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি সিলেট'-এর কাছ থেকে রিকাবীবাজার সরষপুর এলাকায় জমি লিজ নিয়ে ভোগদখলে ছিলেন। ২০০৬ সালে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জাল সাফকবলা দলিল বানিয়ে উক্ত জমি নিজের নামে নামজারি করে নিহতের পরিবারকে উচ্ছেদের হুমকি দেন। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে এবং অ্যাডভোকেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও হামলার অভিযোগ ওঠে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নিজের ভুয়া সাফকবলা দলিলটি রক্ষা করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডটি ঘটান। গত ১২ আগস্ট সকাল আনুমানিক ৯ টায় সিলেটের রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নং বাসার ২য় তলায় অভিযুক্ত সিরাজুল ইসলাম পেশাদার ভাড়াটে খুনিদের মাধ্যমে বৃদ্ধ এম এ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘাতকরা বাসা থেকে মামলা ও ভূমি সংক্রান্ত মূল কাগজপত্র, জিডির কপি ও যাবতীয় দলিলাদি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সময় নিহতের মেয়ে সেলিনা সুলতানা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। খবর পেয়ে ১৩ আগস্ট তিনি বাংলাদেশে পৌঁছান এবং বাবা-মায়ের দাফন-কাফন শেষ করে স্বজনদের সাথে আলোচনা করে কোতোয়ালী মডেল থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাসা থেকে চুরি হওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের জন্য পুলিশের কাছে আকুল আবেদন জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪