কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: শিশুদের অধিকার সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিত এবং বাল্যবিবাহসহ বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে ‘চাইল্ড সেফটি নেট ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ সমাজ গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ। প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির প্রোগ্রাম অফিসার তায়মুন সজিব।
এ সময় উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ছাইফুল ইসলাম, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, কাজি, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিশুদের নিরাপত্তা, অধিকার, বাল্যবিবাহ ও সামাজিক বিভিন্ন ঝুঁকি নিয়ে অতিথিদের কাছে নানা প্রশ্ন তুলে ধরে।
তাদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি ইউএনও ফয়সাল আহমেদ বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবার বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। কোনো শিশু নির্যাতন বা হয়রানির শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
আয়োজকরা জানান, শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সামাজিক সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রাঞ্জলী মৃ বলেন, শিশুদের সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষক, ইমাম ও কাজিদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব