| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চ পেরিয়ে উমাঙ্গা ফিরলেন গুগলের চাকরিতে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১২:৪৫:৫৫:অপরাহ্ন  |  ২৪২৫ বার পঠিত
মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চ পেরিয়ে উমাঙ্গা ফিরলেন গুগলের চাকরিতে

রিপোর্টার্স২৪ ডেস্ক: একদিকে মিস ইউনিভার্সের ঝলমলে মঞ্চ, অন্যদিকে প্রযুক্তি বিশ্বের ব্যস্ত কর্মজীবন দুই ভিন্ন জগতের এই দুই পরিচয়ই যেন একইসঙ্গে ধারণ করছেন উমাঙ্গা কুমাবত। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসার পর এবার নিজের পেশাগত জীবনে ফিরেছেন তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে গুগলের ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন উমাঙ্গা।

গত ২৩ আগস্ট ভারতের জয়পুরে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। ওই প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন উমাঙ্গা কুমাবত। দেশটির ৫২ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ২০ জনের তালিকায় জায়গা করে নেন। এবারের জাতীয় প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট ওঠে কেরালার কাজিয়া লিজ মেহিয়ার মাথায়।

তবে প্রতিযোগিতার মঞ্চের ব্যস্ততা শেষ হওয়ার পর খুব বেশি সময় গ্ল্যামার জগতের আবহে থাকেননি উমাঙ্গা। নিজের পেশাগত জীবনে ফিরে গিয়ে আবারও প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মব্যস্ততায় ডুবে গেছেন তিনি।

সম্প্রতি গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন উমাঙ্গা। সেই ভিডিওতে প্রতিযোগিতা শেষ হওয়ার পর তার একটি সাধারণ কর্মদিবস কীভাবে কাটে, তারই সংক্ষিপ্ত ঝলক তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ল্যাপটপ, ব্যাকপ্যাক ও ইয়ারবাড সঙ্গে নিয়ে অফিসের উদ্দেশে বের হন উমাঙ্গা। কর্মদিবসের মূল কাজ শুরুর আগেই তিনি চলে যান অফিসের ওয়েলনেস সেন্টারে। সেখানে কিছু সময় ট্রেডমিলে হাঁটার পাশাপাশি স্ট্রেচিং ও অন্যান্য ব্যায়াম করেন।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ডেস্কে ফিরে কাজে মন দেন তিনি। ল্যাপটপ খুলে বিভিন্ন কাজ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করতে দেখা যায় তাকে। অর্থাৎ, কয়েক সপ্তাহ আগেই যে মানুষটিকে দেখা গেছে মিস ইউনিভার্সের জাতীয় প্রতিযোগিতার মঞ্চে, কর্মক্ষেত্রে ফিরে তিনি আবারও প্রযুক্তিবিদ হিসেবে নিজের নিয়মিত ভূমিকায় ব্যস্ত হয়ে পড়েছেন।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে মধ্যাহ্নভোজের জন্য ক্যাফেটেরিয়ায় যান উমাঙ্গা। সেখানে বিরিয়ানি ও ডেজার্টের মতো খাবারের বিকল্প থাকলেও তিনি বেছে নেন তুলনামূলক স্বাস্থ্যকর নুডলস স্যুপ। খাবারের পর ফের কাজে যোগ দেন তিনি।

বিকেল সাড়ে ৫টার দিকে কফি বিরতির পর দিনের কাজ গুছিয়ে নেন উমাঙ্গা। মিস ইউনিভার্সের মঞ্চের আলো থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মব্যস্ত ডেস্ক—তার ভিডিওতে উঠে এসেছে এই দুই ভিন্ন জীবনের স্বাভাবিক এক সংযোগ।

লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, উমাঙ্গা কুমাবত বর্তমানে গুগলে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। প্রযুক্তি খাতে তার কাজের পরিধির মধ্যে ক্লাউড প্রযুক্তি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং জেনারেটিভ এআই নিয়ে কাজের অভিজ্ঞতাও রয়েছে।

গ্ল্যামার প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি প্রযুক্তি খাতে পেশাজীবন চালিয়ে যাওয়ার কারণে উমাঙ্গার সাম্প্রতিক কর্মদিবসের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আগ্রহ তৈরি করেছে। এতে প্রতিযোগিতার মঞ্চের বাইরে তার পেশাগত জীবনের একটি বাস্তব চিত্রও সামনে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪