| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক আলিফ হত্যা: আসামি অপূর্বের এক দিনের রিমান্ড মঞ্জুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১৫:৫৫:৪৯:অপরাহ্ন  |  ১০৪৬ বার পঠিত
সাংবাদিক আলিফ হত্যা: আসামি অপূর্বের এক দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। দুর্গাপুর আদালতের জিআরও (GRO) পুলিশ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছে। আদেশ অনুযায়ী, সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর বাজারের পুরোনো সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আদালত তাকে সিডব্লিউ (CW) মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনাসদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের অ্যাডমিন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির। ময়নাতদন্তে তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অপূর্ব এর আগে একটি পুলিশ হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া আসামিদের একজন ছিলেন। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে কাজ করছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪