| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১৬:৪৮:২৯:অপরাহ্ন  |  ১১০৩ বার পঠিত
লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত তামিম লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামের মিঠন ও তারজিনা দম্পতির ছেলে। সে বিরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) তামিম উপজেলার বিলমাড়িয়া গ্রামে তার খালু রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে খালাতো ভাই সিয়ামের সঙ্গে বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় তামিম।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১টার দিকে নদী থেকে তামিমকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একেএম লতিফুল বারী জানান, পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

খালুর বাড়িতে বেড়াতে এসে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪