রোটারিয়ান এম নাজমুল হাসান, আনতালিয়া (তুরস্ক): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে বিশ্বনেতাদের আন্তালিয়ায় সমবেত হওয়ার প্রাক্কালে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে তাঁদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এরদোয়ান বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব