বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে তিন দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পেইনের প্রথম দিনে উপজেলার শাহবন্দেগী, খামারকান্দি ও গাড়ীদহ ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার উদ্যোগে এবং প্রাইম ব্যাংক পিএলসি, শেরপুর শাখার সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক আব্দুল হান্নান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক টিএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক এএসএম মনোয়ার হোসেন, ট্রাস্ট ব্যাংক শেরপুর শাখার অপারেশন ম্যানেজার শেখ মো. ইসমাঈল হোসেন, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান এবং খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন।
এ ছাড়া প্রাইম ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন ও মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনটি ইউনিয়নে আয়োজিত পৃথক অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, ব্যাংকিং সুবিধা এবং উদ্যোক্তা উন্নয়নে আর্থিক সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও স্বাবলম্বী হতে উৎসাহিত করেন বক্তারা।
আয়োজকেরা জানান, উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব