ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থিত দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকে অন্তত ১০টি মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি ছেড়ে উড়োজাহাজগুলো ইউরোপের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্কটল্যান্ডের প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদমাধ্যম বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা উড়োজাহাজ চলাচলের তথ্য থেকে এসব গতিবিধি শনাক্ত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের হুমকির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিবিসি স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
সোমবার সরিয়ে নেয়া উড়োজাহাজগুলোর মধ্যে ছিল মার্কিন বিমানবাহিনীর কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার। এগুলোর কয়েকটি জার্মানি ও ইতালির মার্কিন ঘাঁটিতে যায়। পরে কয়েকটি উড়োজাহাজ জার্মানির স্প্যাংডাহলেম ঘাঁটিতে অবতরণ করে। একটি উড়োজাহাজ স্কটল্যান্ডের প্রেস্টউইকে নামে।
এর কয়েক সপ্তাহ আগে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল।
তবে যুক্তরাজ্য সরকার বলেছে, দেশটির সামরিক ঘাঁটিগুলো নিরাপদ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্য ও বিদেশে অবস্থিত ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।
আর মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণ ও বাস্তব কার্যক্রমসহ বিভিন্ন প্রয়োজনে তাদের উড়োজাহাজ নিয়মিত এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়। নিরাপত্তার কারণে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব