স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এছাড়াও, রাত পৌনে দশটার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল নিক্ষেপ করলেও ককটেল বিস্ফোরিত হয়নি। পরে সেটি বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করেছে বলে জানা গেছে।
এদিকে, বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব