| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিডি করার দুই ঘণ্টার মধ্যেই মিললো নিখোঁজ অটোরিকশাচালকের গলাকাটা লাশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ২২:৪০:৩৫:অপরাহ্ন  |  ৬১৩০ বার পঠিত
জিডি করার দুই ঘণ্টার মধ্যেই মিললো নিখোঁজ অটোরিকশাচালকের গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাচালক মুন্না খান (৩২)। তাকে খুঁজে পেতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে থানায় আবেদন করেন পরিবারের সদস্যরা।

আবেদনের মাত্র দুই ঘণ্টার মধ্যে তার সন্ধান মেলে। তবে জীবিত নয়, একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় মুন্নার গলাকাটা লাশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মুন্না পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তার চালিত অটোরিকশাটিরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওসি বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হয়েছে, নাকি পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

নিহত মুন্না খানের বাবার নাম মৃত মান্নান খান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন মুন্না। সর্বশেষ যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই সন্তানের জনক ছিলেন মুন্না।

নিহতের ভাগিনা মো. মাসুম সরকার জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন মুন্না। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানায় গিয়ে মুন্নাকে খুঁজে পেতে আবেদন করেন পরিবারের সদস্যরা। আবেদন করার প্রায় দুই ঘণ্টা পর একটি পুকুরে লাশ ভাসার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মুন্নার লাশ শনাক্ত করেন স্বজনরা।

মাসুম জানান, মুন্না নিখোঁজ হওয়ার পর থেকেই তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কিস্তিতে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। পরিবারের সদস্যদের ধারণা, অটোরিকশাটি ছিনিয়ে নিতেই মুন্নাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় ছিনতাইকারী, নাকি অন্য কেউ জড়িত, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪